মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৩৮ PM

সিলেট মহানগরীর জলাবদ্ধতা

মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৬ ০৯:০৭:৩৬ PM

মেয়র থাকতেই প্রকল্প দিয়েছিলাম, বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ

সংগৃহিত


সিলেট সিটি করপোরেশন (সিসিক) আওয়ামী লীগ সরকারের সময় এক দশক বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই এ বৈষম্যের মুখে পড়তে হয়েছে।

শনিবার দুপুরে সিলেট নগরভবনে আয়োজিত এক সুধি সমাবেশে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন, সেখানে এসব কথা বলেন সিসিকের সাবেক দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে সম্প্রতি উদ্বোধন করা প্রকল্পটি তিনি মেয়র থাকাকালেই প্রস্তাব করেছিলেন। তবে রাজনৈতিক কারণে তখন তা অনুমোদন পায়নি। তার ভাষায়, 'আমি ১০ বছর মেয়র ছিলাম, কিন্তু একটি প্রকল্পও বাস্তবায়ন হয়নি। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ মুহূর্তে আটকে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পও বাস্তবায়নের মুখ দেখেনি।'

তিনি আরও বলেন, লাক্কাতুরা থেকে ছড়া কেটে সুরমা নদী পর্যন্ত সংযোগ স্থাপন করা গেলে নগরীর অন্তত ৫০টি এলাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব। এছাড়া সিটি করপোরেশনের আয়তন বাড়লেও নতুন অন্তর্ভুক্ত এলাকায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা এখনো নাজুক।

উল্লেখ্য, শনিবার সিলেট নগরীর বন্যা ও জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জৈন্তা বার্তা / ওয়াদুদ