ছবি:সংগৃহীত
সিম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যতিক্রমধর্মী ১০ মিনিটের ‘শোয়া কর্মসূচি’সহ তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট কল্যাণ সংস্থা (সিকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।
শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিকসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় অভিযোগ করা হয়, সিম কোম্পানিগুলো মেয়াদের অজুহাতে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত অর্থ কেটে নিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে। এ বিষয়ে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে রোববার বিকেল ৫টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিম কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১০ মিনিটের ‘শোয়া কর্মসূচি’ পালন করা হবে। পরে বিকেল ৬টায় একই স্থান থেকে জিন্দাবাজার হয়ে সিকসের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত স্বাগত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৫ মে মঙ্গলবার সিলেট কল্যাণ সংস্থার ২৮তম এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জাতীয় যুব দিবস ২০১০-এ শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত এবং সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সংগঠনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান।
সভায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং কর্মসূচি সফল করতে সকলের অংশগ্রহণ কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




