সংগৃহিত
সিলেট অঞ্চলের দীর্ঘদিন বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার। এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৭ মে) কোয়ারিগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত চিঠিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেবেন।
সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনারসহ সিলেট ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসকদের।
জানা গেছে, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি ভার্চুয়ালি সভায় অংশ নেবেন।
দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে সিলেট অঞ্চলের বিভিন্ন পাথর কোয়ারি থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞাও কার্যকর আছে। এ পরিস্থিতিতে অতীতের সরকারগুলো কোয়ারি চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
অন্যদিকে, কোয়ারি সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন—নিয়ন্ত্রিতভাবে পাথর ও বালু উত্তোলন চালু করা হলে হাজার হাজার শ্রমিকের জীবিকা ফিরে আসবে। পরিবহন খাতের সঙ্গেও জড়িত বিপুলসংখ্যক মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত হবে।
গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর আসনের প্রার্থী, বর্তমানে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তার ওই আশ্বাসে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়।
আসন্ন বৈঠককে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় আবারও প্রত্যাশা তৈরি হয়েছে—কোয়ারি চালুর বিষয়ে কোনো বাস্তবসম্মত সিদ্ধান্ত আসতে পারে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




