সিলেটে ৫ লক্ষাধিক টাকার জা'লনোটসহ আ'টক ৪
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:১১ PM

সিলেটে ৫ লক্ষাধিক টাকার জা'লনোটসহ আ'টক ৪

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ০৩:১১:৪৪ PM

সিলেটে ৫ লক্ষাধিক টাকার জা'লনোটসহ আ'টক ৪


সিলেটে অভিযান চালিয়ে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোটসহ চারজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯। বুধবার (১৩ মে) র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জাল নোট চক্র সক্রিয় হয়ে উঠতে পারে— এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় এক ব্যক্তি জাল টাকাসহ অবস্থান করছেন।

পরে র‍্যাবের একটি আভিযানিক দল রাত ১১টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালিয়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও তিন সহযোগীর তথ্য দেন, যারা সিলেট নগরীতে অবস্থান করছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫ মিনিটে নগরীর বন্দরবাজারের লালবাজার এলাকার হোটেল আলী (আবাসিক) এর একটি কক্ষে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— গুরু চাঁদ বালা (৩৮), শফিকুল ইসলাম (৩৫), রাশেদ মিয়া (৩০) এবং সোহাগ সরদার (৩৩)।

র‍্যাব জানায়, আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী হোটেল কক্ষ থেকে ৫ লাখ ২ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, জনবহুল বাজার ও ছোট দোকানগুলোকে টার্গেট করে তারা কম মূল্যের পণ্য কিনে ৫০০ বা ১ হাজার টাকার জাল নোট দিতেন তারা। পরে দোকানিদের কাছ থেকে আসল টাকা ভাঙতি হিসেবে নিয়ে প্রতারণা করতেন।

র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা এ কে এম শহীদুল আলম সোহাগ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর