গোলাপগঞ্জের ভাদেশ্বরে সালিশের বিচারকদের বিরুদ্ধে মি*থ্যা মাম*লার অভিযোগ
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৪২ AM

গোলাপগঞ্জের ভাদেশ্বরে সালিশের বিচারকদের বিরুদ্ধে মি*থ্যা মাম*লার অভিযোগ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ১২:২৫:৪৩ AM

গোলাপগঞ্জের ভাদেশ্বরে সালিশের বিচারকদের বিরুদ্ধে মি*থ্যা মাম*লার অভিযোগ

সংগৃহিত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজার সৈয়দ বাড়িতে পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে উপস্থিত বিচারক ও মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সাংবাদিকদের কাছে দেওয়া বক্তব্যে এ অভিযোগ করেন ভুক্তভোগী সৈয়দ ইমরান আহমদ।

তিনি জানান, সৈয়দ বাড়ির আপন দুই ভাই সৈয়দ ওয়াহাব উদ্দিন ও সৈয়দ আব্দুল হামিদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি পারিবারিক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এতে সৈয়দ ইমরান আহমদ, সৈয়দ শফি উদ্দিন, সৈয়দ তারেক আজিজ কালাম, সৈয়দ আব্দুল গফুর, সৈয়দ মো. ইছহাকসহ এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সালিশ চলাকালে উভয় পক্ষের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করা হচ্ছিল। একপর্যায়ে সৈয়দ আব্দুল হামিদ উত্তেজিত হয়ে সৈয়দ ওয়াহাব উদ্দিনের ওপর তেড়ে যান। পরে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উপস্থিত ব্যক্তিরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের আলাদা করেন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একজন এসআই ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়ানোর আহ্বান জানান।

সৈয়দ ইমরান আহমদের অভিযোগ, ঘটনাস্থল থেকে সবাই চলে যাওয়ার পর সৈয়দ আব্দুল হামিদ গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সালিশে উপস্থিত বিচারক ও মধ্যস্থতাকারীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আসামি করা হয়। পরে মামলা সংক্রান্ত বিষয়ে থানায় গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান। মামলার অন্যান্য আসামিরাও বর্তমানে জামিনে রয়েছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় তারাও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। পাশাপাশি এলাকাবাসী ও দেশবাসীর সহযোগিতাও কামনা করেন।

জৈন্তা বার্তা /ওয়াদুদ