মুশফিক-লিটনদের ব্যাটে বড় লক্ষ্য, চ্যালেঞ্জে পাকিস্তান
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫০ AM

সিলেট টেস্ট

মুশফিক-লিটনদের ব্যাটে বড় লক্ষ্য, চ্যালেঞ্জে পাকিস্তান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৬ ১১:১৯:০৩ PM

মুশফিক-লিটনদের ব্যাটে বড় লক্ষ্য, চ্যালেঞ্জে পাকিস্তান

সংগৃহিত


জয়ের জন্য পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। এই লক্ষ্য তাড়া করে জিততে পারলে টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়বে সফরকারীরা। কারণ, টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে।

তবে এত বড় লক্ষ্য দাঁড় করিয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় বাংলাদেশ শিবির। ম্যাচের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাঁর মতে, আরও কিছু রান যোগ করতে পারলে দলের অবস্থান আরও শক্ত হতো।

তাইজুল ইসলাম বলেন, উইকেট এখনো ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। তাই স্কোরবোর্ডে আরও ২০ থেকে ৪০ রান যোগ করা গেলে সেটি বাংলাদেশের জন্য বাড়তি সুবিধা এনে দিত। তবে এ নিয়ে হতাশ হওয়ার কিছু দেখছেন না তিনি। তাঁর ভাষায়, সব সময় পরিকল্পনা শতভাগ সফল হয় না।

বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার পথে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। তিনি নিজের ক্যারিয়ারের ১৪তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন। এছাড়া লিটন দাস ও মাহমুদুল হাসান জয়ের দুটি গুরুত্বপূর্ণ ফিফটিতে বড় লক্ষ্য পায় বাংলাদেশ।

বোলিং পরিকল্পনা নিয়ে তাইজুল ইসলাম বলেন, চতুর্থ ইনিংসে উইকেট এখনো ব্যাটসম্যানদের সহায়তা করতে পারে। তাই পাকিস্তানকে চাপে ফেলতে হলে বাংলাদেশি বোলারদের শৃঙ্খলাবদ্ধ লাইন-লেন্থ ধরে রাখতে হবে।

এখন দেখার বিষয়, ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পাকিস্তান নতুন ইতিহাস গড়তে পারে কি না।

জৈন্তা বার্তা / ওয়াদুদ