সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (১৯ মে) রাতে শান্তিগঞ্জ উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে। আহতরা হলেন- উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ, হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ এবং অজ্ঞাত আরও একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / আরআর




