প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৬ PM

আলোকিত নগর

প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৬ ০৯:৩৪:৩৮ PM

প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট নগরীকে আরও আলোকিত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি সড়কবাতি স্থাপন করা হবে বলে জানিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার রাতে পৃথক দুটি স্থানে আধুনিক আলোকসজ্জা প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ফলক উন্মোচন ও ফিতা কেটে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

প্রথমে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের কল্লগ্রাম ভোলাইমিল থেকে কল্লগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পর্যন্ত সড়কবাতি প্রকল্প এবং পরে ২৬, ২৭, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডের রোড ডিভাইডারে আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্প উদ্বোধন করা হয়। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এসব প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং সিলেটকে একটি ক্লিন ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যেই পুরো নগরে পর্যায়ক্রমে আধুনিক এলইডি লাইট স্থাপন করা হবে।

তিনি আলোকসজ্জা কার্যক্রমের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দ্রুত মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারির নির্দেশ দেন।

প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট ব্যবহারের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’ চালুর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, বরং রাতে সড়ক দুর্ঘটনা কমাতে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. আশিক নূর, মো. আলী আকবরসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ নাগরিক অনুষ্ঠানে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ