ছবি:সংগৃহীত
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, সরকার দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বদ্ধপরিকর। ছাতক ও কৈতক হাসপাতালের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে হবে।
বুধবার সকালে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাতকে ৫০ শয্যা ও কৈতকে ৩১ শয্যার হাসপাতাল থাকলেও চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবলের তীব্র সংকট রয়েছে। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবও স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে এমপি মিলন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের আরও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণ এবং সেবার মান বৃদ্ধিই সবার প্রত্যাশা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন এবং ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
এছাড়া বক্তব্য দেন ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহমেদ, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনেম মামুন, আহ্বায়ক স্বাচ্ছা আবেদীন এবং যুবদল নেতা কামরুল হাসান কামরান।
সভায় হাসপাতালের আরএমও ডা. সালমান তুহিন, ডা. তৌফিক শাওন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, প্রধান সহকারী আমিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, নার্সিং ইনচার্জ রেবেকা সুলতানা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজাদ মিয়া, পরিসংখ্যানবিদ মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতি কান্ত, অফিস সহকারী নাসিরা বেগম, সিএইচসিপি জাহেদ আহমদ, কামরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। সভা শেষে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। পরিচ্ছন্নতা অভিযানে এক্স-ক্যাডেট জেলা ইউনিট ‘বেকা’র সদস্যরাও অংশগ্রহণ করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




