হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৬ PM

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০১:১২:১৮ PM

হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

ছবি : সংগৃহীত


ভারতের গোয়ার আইটিসি গ্র্যান্ড হোটেলে গতকাল দুপুর ১টায় ছিল ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলন। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দা নির্ধারিত সময়ের আগেই চলে আসেন হোটেলে। লবিতে বসে কথা বলছিলেন তাঁরা। একটু পরে সেখানে হাজির ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী ও মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। ক্রিসপিন ছেত্রী লবিতে পিটার বাটলারকে দেখেই এগিয়ে এসে কথা বলা শুরু করলেন। একজন আরেকজনকে শুভকামনা জানালেন। 

মাঠের বাইরের তাঁদের এই সৌহার্দ্য হয়তো ফাইনালের লড়াইয়ে চ্যালেঞ্জে পরিণত হবে। গোয়ার পণ্ডিত জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে আজ তাই উত্তাপের ম্যাচই অপেক্ষা করছে। বাংলাদেশ যেখানে টানা তিন শিরোপায় চোখ রাখছে সেখানে স্বাগতিক ভারত মুকুট ফিরে পাওয়ার লড়াইয়ে নামছে। মেয়েদের সাফ শুরুর পর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয় ভারত। এর পরের দুই আসরের মুকুট জেতেন বাংলাদেশের মেয়েরা।

যদিও গ্রুপ পর্বে ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফাইনালে তাই বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পিটার বাটলার অবশ্য বলেছেন, ‘আমরা ফাইনালে উঠেছি। আমরা দুর্দান্ত ফুটবল খেলে উঠেছি নাকি বাজে ফুটবল খেলে উঠেছি, সেটা কোনো বিষয় নয়। আমরা ফাইনালে আছি। মেয়েরা অসাধারণ চরিত্র, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূলতা মোকাবেলার ক্ষমতা দেখিয়েছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামীকাল (আজ) সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতি। ভারতের কাছে আগের ম্যাচে হারের সঙ্গে ফাইনাল ম্যাচের কোনো সম্পর্ক নেই। আর যদি আপনি ম্যাচটি সত্যিই বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে ফলাফলটি আসলে ম্যাচের প্রকৃত চিত্র তুলে ধরেনি।’ ভারতীয় কোচ ক্রিসপিন ছেত্রীও মনে করছেন ফাইনালের সঙ্গে অন্যান্য ম্যাচের তুলনা হয় না, ‘আমি মনে করি, এই ম্যাচকে আগের ম্যাচগুলোর সঙ্গে তুলনা করা যায় না। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের লড়াই। বাংলাদেশ আমাদের শক্তি ও দুর্বলতা জানে, আমরাও তাদেরটা জানি। তাই সে অনুযায়ীই আমরা পরিকল্পনা করেছি।’ 

ভারতের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপে ৯ দেখায় বাংলাদেশের জয় দুটিতে। ড্র একটি এবং হার ছয়টিতে। দুই দলই গত মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের অভিজ্ঞতা নিয়ে এসেছে। গোয়ায় আজকের ফাইনালে তাই উঁচুমানের ফুটবল দেখা যাবে কি না প্রশ্নের জবাবে বাটলার বলেছেন, ‘আমার মনে হয় না। কারণ এই আর্দ্রতা খেলোয়াড়দের জন্য বড় বাধা। এখানে অনেক বেশি গরম। আমি ভারতের প্রতি অনেক সম্মান রাখছি। তারা অনেক সময় খুব সুন্দর ফুটবল খেলে। তাদের দলে গতি আছে। তাই তাদের মোকাবেলায় পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। এএফসি টুর্নামেন্ট থেকে দুই দলই অনেক কিছু শিখেছে। তবে এই পর্যায়ে সেই ধরনের ফুটবল খেলা বাস্তবায়ন করা কঠিন। ভারতও সেখানে কিছু কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল। তার পরও সামগ্রিকভাবে তারা ভালো করেছে বলে আমি মনে করি।’

সেমিফাইনালে অবিশ্বাস্য এক গোল করা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে আলাদা পরিকল্পনা আছে ভারতীয় কোচের। কী সেই পরিকল্পনা সেটা অবশ্য তিনি খোলাসা করেননি। ক্রিসপিন ছেত্রী বলেছেন, ‘হ্যাঁ, পরিকল্পনা আছে, তবে সেটা আপনাদের বলতে পারব না। তাহলে আপনারা গিয়ে পিটারকে (বাংলাদেশের কোচ পিটার বাটলার) বলে দেবেন।’

ভারত দলে বেশ কয়েকজন আছেন যাঁরা কিনা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। পিটার বাটলার তাই কঠিন চ্যালেঞ্জ দেখছেন। যে কারণে অতি আত্মবিশ্বাসী হতে নারাজ ব্রিটিশ এই কোচ, ‘আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না, কারণ ফুটবল খুব দ্রুত আপনাকে বাস্তবে ফিরিয়ে আনতে পারে। তাই আমাদের বিনয়ী থাকতে হবে, একে অন্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমি খেলোয়াড়দের কাছে সব সময় এটিই চাই—তারা যেন নিজেদের সেরাটা দেয়।’ হ্যাটট্রিক শিরোপা জিততে হলে সেরা ফুটবলটাই খেলতে হবে ঋতুপর্ণা চাকমা-মারিয়া মান্দাদের।

জৈন্তাবার্তা/আরআর