ছবি:সংগৃহীত
সিলেটের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণ এবং পুঁজির সংস্থানে সহযোগিতা করতে সিটি কর্পোরেশন কাজ করবে।
শনিবার (৬ জুন) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত বিভাগীয় কৃষি উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালকের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও শতবর্ষী কৃষি বিপণন অধিদপ্তর প্রত্যাশিত পরিসরে বিকশিত হতে পারেনি। প্রতিষ্ঠানটিকে আরও উদ্যোক্তাবান্ধব করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি জানান, সিলেটের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিসিক, এসএমই ফাউন্ডেশন ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ম্যানুফ্যাকচারিং খাতের বিকাশে কাজ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে সিলেটের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং ব্যবসায়িকভাবে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।
উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করার বিষয়ে তিনি বলেন, উইম্যান চেম্বার এবং কৃষি বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সিলেট থেকে সরাসরি বিদেশে কৃষিপণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা হবে।
সিসিক প্রশাসক আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানির সুযোগ থাকলেও পচনশীল কৃষিপণ্যের জন্য প্রয়োজনীয় প্যাকেজিং সুবিধা এখনও গড়ে ওঠেনি। এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ ও সিভিল এভিয়েশনের সঙ্গে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে সিলেটের কৃষিপণ্য রপ্তানির জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্যের প্রচার ও প্রদর্শনের জন্য একটি আধুনিক ডিসপ্লে সেন্টার স্থাপনের উদ্যোগও নেওয়া হবে।
কৃষি বিপণন অধিদপ্তর সিলেটের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সিলেট উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, হবিগঞ্জের কৃষি বিপণন কর্মকর্তা মো. রাবেল তালুকদার এবং মৌলভীবাজারের কৃষি বিপণন কর্মকর্তা ফারুক উদ্দিন চৌধুরী।
এছাড়া উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য দেন গ্রাসরুটসের সভাপতি হিমাংশু মিত্র, সম্পাদক নাফিসা শবনম এবং উদ্যোক্তা মো. সৈয়দুর রহমান। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সফল কৃষি উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




