ছবি : সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে পরাজিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রবিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়সূচক গোলটি করেছেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ব্রুনো গুইমারেসের গোলে লিড পায় সেলেসাওরা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল পেয়ে গোলরক্ষক মোস্তফা শোবায়েরকে পরাস্ত করেন এই নিউক্যাসল তারকা। তবে ব্রাজিলের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দশম মিনিটে মারকুইনহোসের ভুলে মোস্তফা জিকো গোল করলে ম্যাচে সমতা ফেরে।
দ্বিতীয়ার্ধে কোচ কার্লো আনচেলত্তি দলের কৌশলে পরিবর্তন আনেন। ৫১তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নির্ভুল ফিনিশিংয়ে ব্রাজিলের হয়ে জয়সূচক গোলটি করেন এন্দ্রিক। ম্যাচের বাকি সময় মিশর গোল শোধের চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণভাগ ছিল অটুট।
এই জয়ের ফলে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। অন্যদিকে মিশর খেলবে বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
জৈন্তাবার্তা/আরআর




