ছবি:সংগৃহীত
হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিলেটে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানই পারে হিজড়া জনগোষ্ঠীর জীবন বদলাতে । তিনি হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সভায় তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির বিষয়ে আলোচনা করা হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সংস্থাটির সিলেট অঞ্চলের অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহীনা আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহিন শাকিল ভূঁইয়া, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের এবং জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানে ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’-র অ্যাডভোকেসি ম্যানেজার মশিউর রহমান মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
বক্তারা বলেন, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে হিজড়া জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




