ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে যুবককে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১১ PM

ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে যুবককে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ০৭:০৫:১৬ PM

ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে যুবককে মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে এক যুবককে মারধর করে আহত করার পাশাপাশি নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গণেশপুর) গ্রামের বাসিন্দা মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ছাতক থানায় অভিযোগটি দায়ের করেন।

 অভিযোগে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া এলাকার রেদওয়ান (২৩) ও তার সঙ্গে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে ইয়াছিন আরাফাত ফাহিম নামে এক যুবক তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে এসে তার সঙ্গে কথা বলেন।
 একপর্যায়ে ফাহিম নিজেকে ছাতকের বাসিন্দা বলে পরিচয় দিলে অভিযুক্তরা তাকে মারধর শুরু করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ফাহিমকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। 
একপর্যায়ে তার মাথা পাশের একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে জখম করা হয়। 
ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা ফাহিমের সঙ্গে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য এসআই জাহাঙ্গীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: