ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরে এক সাংবাদিকের নির্মাণাধীন বাসা থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান মালামাল মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দ্রুত পদক্ষেপ ও তদন্ত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা। এ ঘটনায় হবিগঞ্জের পুলিশ সুপার ও মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর ভূমিকাকে প্রশংসা করেছেন এলাকাবাসী।
জানা যায়, মাধবপুর পৌর শহরের সাংবাদিক আলমগীর কবিরের নির্মাণাধীন বাসা থেকে ইলেকট্রিক্যাল বড় ফ্যান, ড্রিল মেশিন, রামদা মেশিন, ভেন্ডিং মেশিন, করাত, পিন কাটার, বাটাল, স্কুটি ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
ঘটনার পর ভুক্তভোগী মাধবপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। হবিগঞ্জের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং মাধবপুর থানার ওসি সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করা হয়।
পুলিশের এমন দ্রুত ও কার্যকর পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের আন্তরিকতা, পেশাদারিত্ব ও দক্ষ তদন্তের কারণেই অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।
সাংবাদিক আলমগীর কবির বলেন, ‘চুরি হওয়া মালামাল এত দ্রুত উদ্ধার হবে, তা আমি কল্পনাও করিনি। হবিগঞ্জের পুলিশ সুপার, মাধবপুর থানার ওসিসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
মাধবপুর থানার ওসি সোহেল রানা বলেন, ‘আমরা সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করি। যেভাবে মানুষের উপকার হয়, সেভাবেই কাজ করার চেষ্টা করি। তবে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়।’
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও মাধবপুরে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ একইভাবে কার্যকর ভূমিকা পালন করবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




