নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৬ AM

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ১০:৫৫:০৮ PM

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছি*নতাই: দেশীয় অ*স্ত্রসহ একজন গ্রে*ফতার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দিনদুপুরে দুই নারী শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আক্তার মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার (১৭ জুন) সকালে নবীগঞ্জ পৌর শহরের গন্ধ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আক্তার মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য মোটরসাইকেলযোগে নবীগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত কুমার রায় তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গন্ধ্যা এলাকায় অভিযান চালায়। স্থানীয়দের সহযোগিতায় আক্তার মিয়াকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে একটি রামদা ও একটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, আক্তার মিয়ার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ছয়টি মামলা রয়েছে।

এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ১৮ মে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর থেকে খালেদ আহমদ নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বশির আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে সকালে আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার পথে নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। মোটরসাইকেলে আসা তিন যুবক পিস্তল ও দেশীয় অস্ত্র দেখিয়ে তার কানে থাকা প্রায় সাড়ে তিন আনা ওজনের স্বর্ণের দুল এবং গলায় থাকা প্রায় সাত আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস বিদ্যালয়ে যাওয়ার পথে স্কুলের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন যুবক তার পথরোধ করে। পরে রামদা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার গলায় থাকা প্রায় ছয় আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

একই দিনে প্রকাশ্যে দুই নারী শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় নবীগঞ্জজুড়ে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী দুই শিক্ষিকা থানায় পৃথক অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছিনতাই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: