সংগৃহিত
নবীগঞ্জে তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে লাল-সবুজ সাইক্লিং ক্লাবের উদ্যোগে বই পড়া উৎসব ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) নবীগঞ্জের হিরা মিয়া গার্লস হাই স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করিম, হিরা মিয়া গার্লস হাই স্কুলের শিক্ষক প্রদীপ রঞ্জিত দাশ, কানাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিন আহমদ, চৌশতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ লাবলু, রজনীগন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্না, আনন্দ নিকেতন নবীগঞ্জের সভাপতি প্রণব দেব এবং বিশিষ্ট চিত্রশিল্পী আসাদ আহমদ সুমন। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক বিস্তারের কারণে বই পড়ার প্রতি আগ্রহ কিছুটা কমে গেলেও জ্ঞান অর্জন, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গঠনে বইয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বই পড়ার সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবীগঞ্জের বিভিন্ন সনামধন্য বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের তুখোড় ১৪ জন মেধাবী শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী মোছা. হাফিজা আক্তার নাদিয়া, দ্বিতীয় স্থান অর্জন করে অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার কেয়া এবং তৃতীয় স্থান অর্জন করে হোমল্যান্ড আইডিয়াল স্কুলের শিক্ষার্থী জয়দীপ রায়।পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থসহ ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন।
উল্লেখ্য, লাল-সবুজ সাইক্লিং ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোজাহিদ আহমেদ ও সদস্য রিমন ইসলাম খাঁন, কাওছার আহমেদ ও সৌমিকের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়৷ এছাড়াও পরিকল্পনা ও সার্বিক আয়োজনে ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক শাহরিয়ার রশীদ বুলবুল।
উক্ত অনুষ্ঠানে "নবীগঞ্জের ইতিকথা" বইয়ের লেখক মতিয়ার চৌধুরীকে সংগঠনের সভাপতি মো. মাজহারুল ইসলাম তারেকের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়। গ্রহণ করেন লেখকের পরিবারের সদস্য ছালিক হোসেন চৌধুরী ও শাহিনুর আক্তার চৌধুরী পান্না।
আয়োজকরা জানান, সমাজে পাঠাভ্যাস গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




