ছবি:সংগৃহীত
আগামী ২৩ জুনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতারা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকার ঘোষণা দেন।
দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় কর্মসূচির প্রতি সমর্থন জানান।
পরে উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন রনির সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিএনপি নেতা সুমন চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তারা অভিযোগ করেন, একটি নিষিদ্ধ সংগঠনের লোকজন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে। দেশ ও জনগণের স্বার্থে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে মাধবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




