জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৭ PM

জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৬ ০৮:৫০:২২ PM

জগন্নাথপুরে খাসজমিতে বসবাসকারী ৫ পরিবারকে অ*বরুদ্ধ করার অভিযোগ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবনগরে সরকারি খাসজমিতে বসবাসকারী পাঁচটি পরিবারকে যাতায়াতের পথ বন্ধ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হবিবনগর এলাকার ইকড়ছই মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত, জেএল নম্বর ১৭২-এর ৯৩১ ও ৯৩২ দাগের প্রায় সাড়ে তিন শতাংশ সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাস করছেন কয়েকটি পরিবার। এর মধ্যে হলুদা আক্তার ও তার পরিবার প্রায় ৩১ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, ভূমিহীন হিসেবে ওই জমি বন্দোবস্ত পাওয়ার জন্য তারা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনও করেছেন।

অভিযোগে বলা হয়, সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে স্থানীয় আশিক মিয়া ও আমির আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে হলুদা আক্তারের পরিবারসহ মোট পাঁচটি পরিবার স্বাভাবিক চলাচল করতে পারছে না বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

হলুদা আক্তার বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। হঠাৎ করে বাড়ির সামনে বাঁশের বেড়া দিয়ে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে আমাদের চলাচলে সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের সহযোগিতা চাই।’

স্থানীয় বাসিন্দা সুমা আক্তার জানান, সকালে বাড়ির সামনে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ফলে পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না।

এ বিষয়ে অভিযুক্ত আশিক মিয়া ও আমির আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশ দেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ