ছবি:সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডে চলতি বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত না করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল ৫টায় স্থানীয় দুর্গাপুর বাজারে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের কৃষকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা অংশ নেন।
মানববন্ধনে কৃষকরা অভিযোগ করেন, চলতি বোরো মৌসুমে ভারী বর্ষণের কারণে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে ভর্তুকি ও প্রণোদনার তালিকা প্রস্তুত করা হলেও দীঘলবাক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কোনো কৃষককে ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা কৃষি অফিস ও ইউনিয়ন কৃষি অফিসারের অনিয়ম, অব্যবস্থাপনা এবং স্বজনপ্রীতির কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। তারা দ্রুত তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য দেন কৃষক কুরুশ মিয়া, মো. শাহাজান মিয়া ও ডা. মুক্তার মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




