ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ PM

ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৯:২৫:২৫ PM

ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে মালিককে ফেরত দিল পুলিশ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে ভুলবশত অন্য মোবাইল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে মাধবপুর থানা পুলিশ।

জানা যায়, উপজেলার মাধবপুর বাজারের বাঁশবাজার এলাকার ভ্যানচালক ওমর আলী গত ১০ জুন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভুলক্রমে একটি অপরিচিত নম্বরে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে তিনি বিভিন্নভাবে যোগাযোগ করে টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান পাননি।

একপর্যায়ে বিষয়টি সাংবাদিক আলমগীর কবিরকে জানালে তিনি ওমর আলীকে সঙ্গে নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানার সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর ওসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দেন। পুলিশের অনুসন্ধান ও প্রয়োজনীয় পদক্ষেপের ফলে গত ২৫ জুন সন্ধ্যায় ভুল নম্বরে পাঠানো ২০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়।

পরে মাধবপুর থানায় ওসি মো. সোহেল রানার উপস্থিতিতে ওমর আলীর হাতে উদ্ধারকৃত টাকা তুলে দেওয়া হয়।

টাকা ফিরে পেয়ে ওমর আলী মাধবপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষ করে ওসি মো. সোহেল রানার আন্তরিক সহযোগিতা ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

এ বিষয়ে ওসি মো. সোহেল রানা বলেন, ‘সাধারণ মানুষের সমস্যা সমাধানে পুলিশ সবসময় আন্তরিকভাবে কাজ করে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ