ছবি:সংগৃহীত
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিপণন জগতের পরিচিত মুখ হাজী ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
তার মৃত্যুর খবর সিলেটে পৌঁছালে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নগরের কুমারপাড়া ঝেরঝেরিপাড়ার বাসায় তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা ভিড় করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত সেপ্টেম্বর থেকে তিনি পরিবার নিয়ে কানাডার আলবার্টা শহরে বসবাস করছিলেন।
তার বড় ছেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার অসুস্থতা অনুভব করলে হাজী ইসমাইল হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক বিভিন্ন জটিলতা ধরা পড়ে। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানান, কানাডার স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা একটি মসজিদে জানাজার নামাজ শেষে তাকে সেখানকার একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
হাজী ইসমাইল হোসেন সিলেটের সংবাদপত্র বিপণন ব্যবসার অন্যতম পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি নগরের পৌর বিপণি মার্কেটের ‘আলমগীর এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী। দেশের অধিকাংশ সংবাদপত্রের এজেন্ট হিসেবে সিলেটে তার ব্যাপক পরিচিতি ছিল। পাঠক ও গ্রাহকদের কাছেও তিনি ছিলেন পরিচিত মুখ।
তিনি বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির দীর্ঘদিনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্রের প্রচার ও পাঠাভ্যাস গড়ে তুলতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তার মৃত্যুতে শুক্রবার বাদ জুমা নগরের বিভিন্ন মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আদি মুসলমান গাজী বুরহান উদ্দিন দারুল হাদিস মাদ্রাসায় কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দুই মন্ত্রীর শোক
হাজী ইসমাইল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাণিজ্য, শিল্প ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
পৃথক শোকবার্তায় তারা বলেন, ‘হাজী ইসমাইল হোসেন সিলেটে সংবাদপত্রের পাঠাভ্যাস গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। তিনি সংবাদপত্র অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন।’
তারা আরও বলেন, ‘তার মৃত্যুতে সিলেটের সংবাদপত্র বিপণন খাতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।’
শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




