চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদা দিতে কাজ চলছে: সালেহ উদ্দিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৬ AM

চণ্ডীছড়া চা বাগানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদা দিতে কাজ চলছে: সালেহ উদ্দিন

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ১০:১৫:২৪ PM

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদা দিতে কাজ চলছে: সালেহ উদ্দিন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এনটিসির চণ্ডীছড়া চা বাগানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ ও চা শ্রমিকদের অধিকার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় চণ্ডীছড়া চা বাগানের এনটিসি বাংলো প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর চেয়ারম্যান, পিকেএসএফ-এর পরিচালক ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন।

চণ্ডীছড়া চা বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সভাপতিত্বে এবং আদিবাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ হাজংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসন, কর্মসংস্থানসহ বিভিন্ন মৌলিক সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রায় দেড়শ বছর ধরে চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের জীবনমান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হয়নি।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন বলেন, “চা বাগান ও চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নেওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি বলেন, “চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের বিষয়েও উদ্যোগ অব্যাহত রয়েছে। অতীতে চা শিল্পে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত সংকটে পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”

তিনি চা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় বক্তারা বলেন, চা বাগানে বসবাসরত সাঁওতাল, মুন্ডা, উড়াঁও, ভূমিজ, কোল, খাড়িয়া, সবরসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে একটি সংগ্রাম কমিটি গঠন করা হবে। পরবর্তীতে চুনারুঘাটে বৃহৎ পরিসরে ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ, সৈয়দ শামীম, আব্দুর রাজ্জাক রাজু, শিক্ষক দিলীপ সাংমা, স্বপন মুন্ডা, শ্যামল মুন্ডা, অলিল ভৌমিক, সুবীর তন্তবায়, নিপেন্দ্র দাশ, প্রবাট উরাং, নাড়ু রাম, হরলাল মুদি, দুর্লভ মৃধাসহ বিভিন্ন শ্রমিক নেতা ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী
বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির দেশ: সিলেটে বাণিজ্যমন্ত্রী
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় কমিটি, নেতৃত্বে বাণিজ্যমন্ত্রী
আজ পবিত্র আশুরা
সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা