ছবি:সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া গরুসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি গর্ভবতী গাভী, একটি বাছুর, তালা কাটার যন্ত্র এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে মোগলাবাজার থানাধীন মূর্তির চক এলাকার বাসিন্দা মাখন মিয়ার (পিতা- মৃত ইসাদ আলী) গোয়ালঘর থেকে একটি গর্ভবতী গাভী ও একটি বাছুর চুরি হয়। পরে চোরেরা একটি প্রাইভেটকারে করে গরু দুটি নিয়ে যাওয়ার সময় মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় পুলিশ ও স্থানীয় জনতার সহযোগিতায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাধারছড়া গ্রামের তাহির উল্লাহর ছেলে শেখ জাহান (২৫) এবং সিলেটের বালাগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের হাজী ইলাছুর রহমানের ছেলে রায়হান (৪৭)। তাদের বর্তমান ঠিকানা সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে তাদের হেফাজত থেকে একটি বড় প্লায়ার্স, চুরি যাওয়া গর্ভবতী গাভী ও বাছুর এবং ঢাকা মেট্রো-গ ১৫-০০৫২ নম্বরের একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




