ছবি:সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু-মাটি উত্তোলন, মাদক ব্যবসা ও অবৈধভাবে পাথর পরিবহনের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৭ জুন) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ইউনিয়ন, শ্রীপুর এলাকা ও আলুবাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধন)-২০১০ ও ২০২৩ অনুযায়ী তিনটি পৃথক মামলায় মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই আইনে একজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে পাথরবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, ‘জৈন্তাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধ, মাদক নির্মূল এবং অপরাধমুক্ত ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে। আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




