ছবি:সংগৃহীত
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে চিকিৎসাধীন ২০০ জন সুবিধাবঞ্চিত ও দরিদ্র রোগীর মাঝে ১ কোটি টাকার চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখার ‘ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি’র আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (২৮ জুন ২০২৬) দুপুর সাড়ে ১২টায় কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে ২০০ রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সরকারের এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উল্লেখিত ছয়টি রোগে আক্রান্ত রোগীরা জেলা সমাজসেবা কার্যালয় অথবা নিজ নিজ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও মেডিকেল সার্টিফিকেটে নামের মিল থাকা জরুরি। নামের অসঙ্গতির কারণে অনেক আবেদন বাতিল বা বিলম্বিত হয়। তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করার আহ্বান জানান তিনি।
কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম (অব.) বীর প্রতীক বলেন, সরকারের অনুদানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে এবার ই-গভর্নেন্স পদ্ধতিতে সরাসরি উপকারভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, অল্প সময়ে ২০০ রোগীর তথ্য সংগ্রহ ও ডাটাবেজে যুক্ত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল, তবে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় তা সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, এই অনুদানের মাধ্যমে একজন কিডনী রোগী অন্তত তিন মাস বিনামূল্যে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, যা অসচ্ছল পরিবারের জন্য বড় সহায়তা। ভবিষ্যতে সরকারি সহায়তার পরিমাণ বাড়ানো হলে আরও বেশি রোগী উপকৃত হবেন।
হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমেদ চৌধুরী বলেন, অনেক অসচ্ছল কিডনী রোগী ডায়ালাইসিসের ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। তাদের সহযোগিতায় কিডনী ফাউন্ডেশন সিলেট, ব্র্যাক স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশন, সমাজসেবা অধিদপ্তর, এফআইভিডিবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশ-বিদেশের দানশীল ব্যক্তিদের সহায়তায় বর্তমানে ৫১ শতাংশ রোগীকে বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হচ্ছে।
তিনি ভবিষ্যতে সব কিডনী রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের প্রশাসন পরিচালক সৈয়দ সাদেক হোসেন, অতিরিক্ত পরিচালক (কল্যাণ ও সেবা) ফরিদা নাসরিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. মা’আয রেজা চৌধুরী এবং মানবসম্পদ ও প্রশাসন ব্যবস্থাপক মো. মহিবুর রহমান রাসেলসহ সংশ্লিষ্টরা।
অনুদান পাওয়া রোগীরা সমাজকল্যাণ মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সংকটময় সময়ে এই আর্থিক সহায়তা চিকিৎসা ব্যয় বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




