ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটকে একটি সুপরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক নগর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে সিলেটকে একটি আদর্শ নগরীতে রূপ দেওয়া সম্ভব।
রোববার (২৮ জুন) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরস্থ কল্যাণ পরিষদ কার্যালয়ে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ সিলেট আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসক বলেন, শাহজালাল উপশহরের উন্নয়নে প্রবেশ ও প্রস্থানমুখে প্রধান সড়কে তোরণ নির্মাণ, স্থায়ী কাঁচাবাজার স্থাপন, খেলার মাঠ তৈরি, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও সড়কবাতি নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি উপশহরবাসীর উদ্দেশ্যে বলেন, শহর পরিচ্ছন্ন রাখা শুধু পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং ড্রেনে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য না ফেলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, একটি জবাবদিহিতামূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। নাগরিকদের ভালো পরামর্শ ও সহযোগিতা নিয়ে সিলেটকে সবুজ, নিরাপদ ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।
তিনি জানান, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করে শাহজালাল উপশহরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি এহতেশামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ কে এম বদরুল আমিন হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কল্যাণ পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট আব্দুর রকিব, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ডা. মোহাম্মদ আব্দুল ওয়াহিদসহ পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের নবগঠিত ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




