ছবি:সংগৃহীত
বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মো. সোহেল উদ্দিন প্রিন্সকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন বাতিল করা হয়েছে।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী সহকারী কর কমিশনার মোসা. তানজিনা সাথী সোহেল উদ্দিনের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, গত বছরের ১৯ আগস্ট আপসের শর্তে সোহেল জামিন পেলেও এখন পর্যন্ত বাদিনীর সঙ্গে কোনো সমঝোতা করেননি এবং অভিযোগ অনুযায়ী নেওয়া অর্থও ফেরত দেননি।
বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সোহেলের আগের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ৩৬তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর সোহেল উদ্দিন ও তানজিনা সাথীর মধ্যে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তানজিনার পরিবার থেকে প্রায় ২ কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেন সোহেল উদ্দিন।
পরে বিয়েতে অস্বীকৃতি জানানো এবং নেওয়া টাকা ফেরত না দেওয়ার অভিযোগে ২০২২ সালের ২৩ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তানজিনা সাথী।
এ মামলায় গত ৯ জুন আদালত সোহেল উদ্দিনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে অভিযোগ গঠন করেন।
তবে আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম খান আদালতে দাবি করেন, সোহেল কোনো অর্থ আত্মসাৎ করেননি এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করা হচ্ছে।
এদিকে, এই মামলার বাইরে সোহেল উদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রীর করা একটি যৌতুক মামলাও বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




