ছবি:সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে মাদক বিক্রি বন্ধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৫ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।
বুধবার (১ জুলাই) উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের শতাধিক বাসিন্দার স্বাক্ষরিত স্মারকলিপি ইউএনওর কাছে প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোলাপগঞ্জ পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মসজিদের পেছনে, খাসিখাল ব্রিজের পাশে এবং গোলাপগঞ্জ মডেল থানার পাশের সড়কে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি বেড়েছে। মাদকের সহজলভ্যতার কারণে এলাকার উঠতি বয়সী তরুণ ও যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।
তারা আরও উল্লেখ করেন, মাদক বিক্রি বৃদ্ধির কারণে এলাকায় চুরি, ছিনতাই, পারিবারিক অশান্তি ও বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে। গত ২৪ জুন টিকরবাড়ি গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় জাকির নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্মারকলিপিতে ৫ দফা দাবির মধ্যে রয়েছে-
মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত গডফাদারদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া, টিকরবাড়ি মসজিদের পেছনে ও খাসিখাল ব্রিজ এলাকায় নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের পুনর্বাসনের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন টিকরবাড়ি গ্রামের মোতাওয়াল্লি হাফিজ মাওলানা আব্দুল গফফার, বিশিষ্ট মুরব্বি আব্দুল জলিল পাখি, হাজি আব্দুল কাদির, নুরুদ্দীনসহ প্রায় শতাধিক এলাকাবাসী।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




