ছবি:সংগৃহীত
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরছড়ি এলাকায় বালুবোঝাই মিনি ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও এক শিশুসহ অন্তত দুইজন আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ঘাটেরছড়ি এলাকার অলির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলংগামী যাত্রীবাহী লেগুনা (রেজি. নং- সিলেট-ছ-১১-১৩১১) এবং সিলেটগামী বালুবোঝাই মিনি ট্রাক (রেজি. নং- সিলেট-ড-১১-১৪৭০) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহত ট্রাকচালক এবং লেগুনায় থাকা প্রায় সাত বছর বয়সী এক শিশুসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে থানার দিবাকালীন মোবাইল ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




