ছবি:সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি বাস্তবায়িত Young People Building Urban Resilience প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গাছের চারা তুলে দেন ১২ নম্বর ওয়ার্ডের সচিব আব্দুল মালেক।
এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাহমুদুল ইসলাম মাহমুদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইয়ুথ অ্যাকশন গ্রুপের পিয়ার লিডার আরিফুল হক, আব্দুল্লাহ আল হাবিব, জেরিন বেগম ও রুনা আক্তার এবং প্রকল্পের কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বায়ুদূষণ কমানো, কার্বন শোষণ বৃদ্ধি এবং নগর পরিবেশকে আরও সবুজ ও স্বাস্থ্যকর করে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




