ছবি:সংগৃহীত
হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ২টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টে উপজেলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সহ-সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন পরিষদের সহ-সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম ও মুফতি সৈয়দ শামীম আহমদ।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুনঈম শাহীন, মাওলানা শায়খ আজিজুল হক, হাফিজ মাওলানা সৈয়দ মঈনুল ইসলাম কাসেমী, মাওলানা বাহা উদ্দিন, মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা মুতিউর রহমান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মুফতি অলিউর রহমান এবং মাওলানা আজিজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ তোফায়েল আহমদ।
বক্তারা বলেন, হাফিজ সৈয়দ নাঈম আহমদের বিরুদ্ধে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় অন্যায় ও ভিত্তিহীন। তারা এ রায় বাতিল করে দীর্ঘদিন কারাবন্দি নাঈম আহমদকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করে মামলাটি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া উচিত।
প্রসঙ্গত, ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে একটি জনসভায় গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। সম্প্রতি ওই মামলার রায়ে হাফিজ সৈয়দ নাঈম আহমদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের প্রতিবাদে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




