সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, আ'তঙ্কে মানুষ
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ PM

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, আ'তঙ্কে মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৩:০১:৫৮ PM

সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, আ'তঙ্কে মানুষ


টানা বৃষ্টি, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, পাটলাই, খাশিয়ামারা, যাদুকাটাসহ বিভিন্ন নদ-নদী, হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ অন্যান্য হাওরের নিম্নাঞ্চলেও পানি বেড়েছে। 

বৈরী আবহাওয়া, প্রবল বাতাসের কবলে হাওরপাড়ের বসতবাড়ি, পানির তীব্র স্রোতে নদী, পাহাড়ি ছড়ার তীরের বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙনের আশঙ্কায় রয়েছে।

জেলার সীমান্ত এলাকা ও হাওরপাড়ের বাসিন্দারা পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন। টানা বৃষ্টি, বাতাসের কারণে নিম্ন আয়ের মানুষজন ঘর থেকে বের হতে পারছেন না। পাশাপাশি হাওরে পর্যটকের আনাগোনা কমে গেছে। এদিকে পানি যে পরিমাণে বাড়ছে, তাতে পরিস্থিতির উন্নতি না হলে বন্যার আশঙ্কা করছেন হাওর পাড়ের বাসিন্দারা। পাহাড়ি নদী, ছড়া দিয়ে আসা পানিতে বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাহিরপুর উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি আরও বাড়লে বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করবে। শুধুমাত্র এই বিদ্যালয়ই নয়, হাওরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। 

এদিকে ভারত থেকে নেমে আসা পানিতে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর এলাকার ১০০ মিটার সড়ক, তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কন্ট্রোল রুম, আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. ইমদাদুল হক জানান, টানা বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এতে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদে বন্যা হতে পারে।

জৈন্তাবার্তা/আরআর