সংগৃহিত
সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমরান হোসেন রুবেল (৪৮) জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে আজিজুল হক (৪৮)। এমরান হোসেন রুবেল বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত নুরুল হোসেন ওরফে সুন্দর আলীর ছেলে।
বর্তমানে তিনি জামালগঞ্জ সদর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, উদ্ধার করা ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




