ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৪৩ PM

ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ১২:৩১:৩৬ PM

ব্রাজিলের বিদায়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস


মিশন ছিল ‘হেক্সা’ পূর্ণ করে বিশ্বসেরার মুকুট মাথায় পরা। সেই হেক্সা জয়ের স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে এবারও বিশ্বমঞ্চে পা রেখেছিল লাতিন পরাশক্তি ব্রাজিল। কিন্তু সেলেসাওদের সেই সোনালি স্বপ্ন এবারও চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে টুর্নামেন্টের শেষ ষোলোর মঞ্চেই। নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডের বিধ্বংসী জোড়া গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর এই নির্মম হারে ব্রাজিলের বিশ্বজয়ের অপেক্ষা এখন দীর্ঘায়িত হয়ে ঠেকেছে দীর্ঘ ২৮ বছরে।

দলের এমন হতাশাজনক ও আকস্মিক বিদায়ে কোটি সমর্থকের হৃদয় ভেঙে চুরমার। সমর্থকদের সেই বুকভাঙা কষ্ট ছুঁয়ে গেছে দলের অন্যতম প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়রকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

আসলে এবারের বিশ্বকাপে ব্রাজিলের শুরুটাই হয়েছিল চোটের এক অভিশাপ নিয়ে। মাঠের লড়াই শুরুর আগেই চোটের থাবায় স্কোয়াড থেকে ছিটকে যান আক্রমণভাগের দুই মূল স্তম্ভ—রদ্রিগো ও এস্তেভাও। এরপর টুর্নামেন্ট চলাকালীন চোটের দীর্ঘ তালিকায় একে একে যোগ হন রাফিনিয়া ও লুকাস পাকেতা।

এত সব তারকা সতীর্থকে হারিয়ে ব্রাজিলের আক্রমণভাগের পুরো জোয়াল একাই কাঁধে তুলে নিতে হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রকে। সেই গুরুদায়িত্ব তিনি বেশ বীরত্বের সঙ্গেই সামলেছেন। দলের হয়ে ৫ ম্যাচে করেছেন ৪টি নজরকাড়া গোল ও ১টি অ্যাসিস্ট। কিন্তু শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ে নরওয়ের বিপক্ষে একা আর দলকে টেনে তুলতে পারেননি।

বিশ্বকাপ থেকে বিদায়ের সেই তীব্র ধাক্কা ও মানসিক যন্ত্রণা কাটিয়ে উঠতে চার দিন সময় নিয়েছেন ভিনিসিয়ুস। হারের চার দিন পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক দীর্ঘ আবেগঘন পোস্টে ভিনিসিয়ুস লিখেছেন, ‘বিশ্বকাপের আরেকটি হতাশাজনক অধ্যায় রচনার পর এখন কী লিখব, তা ভেবেই কূল পাচ্ছি না। সবাইকে আমাদের সমর্থন করতে এবং আমাদের স্বপ্নকে আগলে রাখতে দেখেছি। তাই এই মুহূর্তে চুপ করে থাকাটা অন্যায় হবে। তবে বিষয়টি ভাবার জন্য আমার কয়েকটা দিন সময় দরকার ছিল।’

সমর্থকদের উদ্দেশ্যে সেলেসাও তারকা আরো লিখেছেন, ‘জাতীয় দলের ঐতিহ্যবাহী এই জার্সি গায়ে জড়ানো আমার জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। বিশ্বকাপের শেষ ষোলো থেকে এভাবে ছিটকে যাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি জানি আমি এই আসরের জন্য কতটা নিঁখুত প্রস্তুতি নিয়েছিলাম, কতটা মনোযোগী ছিলাম। আপনাদের এবং আমার নিজের পরিবারের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। আমি প্রচণ্ড হতাশ। টুর্নামেন্টের আরও অনেক দূর যাওয়ার মতো শক্তিশালী দল আমাদের ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তা পারিনি। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আবারও ব্রাজিল দলকে বিশ্বসেরার সিংহাসনে বসানোর জন্য আমি লড়াই চালিয়ে যাব।’

জৈন্তাবার্তা/আরআর