সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ PM

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০১:১২:১৪ PM

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা


ম্যাক অ্যালিস্টারের গোলে ম্যাচের শুরুতেই লিড পেয়ে যায় আর্জেন্টিনা। বিরতির পর সেই আনন্দে ধাক্কা দেয় সুইজারল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচে ফেরে সুইসরা। এরপর দুদলের হাডাহাড্ডি লড়াই!

ম্যাচের নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়! খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জাদু দেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে জোড়া গোল করে ম্যাচ থেকে সুইসদের ছিটকে দেয় লিওনেল মেসির দল।

জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির কর্নার থেকে প্রথমার্ধের ১০ মিনিটে গোল করেন অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে ১০টি, যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এর ফলে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের ১০ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক।

প্রথমার্ধে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন এনদোয়ে। ১১২ মিনিটে আলভারেজের পা থেকে দ্বিতীয় গোল আসে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন লাউতারো মার্তিনেজ।

ম্যাচ আর্জেন্টিনা জিতলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশির ভাগ সময় চাপে ছিল লিওনেল মেসির দল। পুরো ম্যাচে তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাইব্রেকারে।

মাঝে ইচ্ছা করে ডাইভ দেওয়ায় ৭২তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দারুণ খেলতে থাকা বাগাইল এমবোলো। খেলার মোড় ঘুরে যায় সেখানেই। 'সিমুলেশন' বা ভান ধরে ডাইভ দিলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে। সে কারণেই মাঠ ছাড়তে হয় এমবোলোকে।

এরপরও ছন্দহারা হয়নি সুইসরা। পুরো ম্যাচেই দাপট রাখে সমানে সমান। কিন্তু অতিরিক্ত সময়ে আলভারেজের দুর্দান্ত গোল আর মার্তিনেজের ফিনিশিংয়ে বদলে যায় ম্যাচের ভাগ্য ।

শেষ চারে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংল্যান্ডকে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটালান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

জৈন্তাবার্তা/আরআর