ছবি:সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা তহবিল গঠনের লক্ষ্যে আগামী ১ আগস্ট ‘সাস্ট চ্যারিটি রান ৫ কিলোমিটার’ আয়োজন করতে যাচ্ছে সাস্ট ফিটনেস ক্লাব।
আয়োজকরা জানান, লোকপ্রশাসন (পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন) বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল আলমের দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গেছে। তাঁর চিকিৎসার জন্য প্রায় ৬০ লাখ টাকা প্রয়োজন। এই অর্থ সংগ্রহে সবার অংশগ্রহণ নিশ্চিত করতেই ব্যতিক্রমী এ চ্যারিটি দৌড়ের আয়োজন করা হয়েছে।
তারা আরও জানান, অংশগ্রহণকারীদের নিবন্ধন ফি থেকে আয়োজনের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর অবশিষ্ট পুরো অর্থ আশরাফুল আলমের চিকিৎসা তহবিলে প্রদান করা হবে। পাশাপাশি আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাবও প্রকাশ করা হবে।
মানবিক এ উদ্যোগকে গুরুত্ব দেওয়ায় প্রচলিত দৌড় প্রতিযোগিতার মতো পূর্ণাঙ্গ রানিং কিট রাখা হয়নি। তবে অংশগ্রহণকারীরা পাবেন অফিশিয়াল প্রিমিয়াম টি-শার্ট, পর্যাপ্ত পানীয় ও চিকিৎসা সহায়তা (হাইড্রেশন ও মেডিকেল সাপোর্ট), সকালের নাশতা এবং ডিজিটাল সনদপত্র (সার্টিফিকেট)।
শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। নিবন্ধনের শেষ সময় ২৫ জুলাই। অংশগ্রহণকারীদের সকাল ৫টা ১৫ মিনিটের মধ্যে উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। সকাল ৫টা ৩০ মিনিটে দৌড় শুরু হবে এবং ৫ কিলোমিটার পথ অতিক্রমের জন্য সর্বোচ্চ এক ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, এ আয়োজনে কোনো বিজয়ী মঞ্চ (পোডিয়াম), পুরস্কারের অর্থ (প্রাইজমানি) কিংবা ইলেকট্রনিক সময় গণনা ব্যবস্থা (চিপ টাইমিং) থাকবে না। এটি প্রতিযোগিতার জন্য নয়; বরং একজন মানুষের জীবন বাঁচাতে সম্মিলিত মানবিক উদ্যোগের প্রতীক। তাদের বিশ্বাস, একটি নিবন্ধন, একটি পদক্ষেপ এবং একজন অংশগ্রহণকারীর উপস্থিতিও আশরাফুল আলমের চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




