জকিগঞ্জে গ্যাস ফিল্ডে তালা দিলেন ভূমি মালিকরা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১১ PM

৮ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

জকিগঞ্জে গ্যাস ফিল্ডে তালা দিলেন ভূমি মালিকরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৬ ১১:৪৪:৪১ PM

জকিগঞ্জে গ্যাস ফিল্ডে তালা দিলেন ভূমি মালিকরা

ছবি:সংগৃহীত


অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধের দাবিতে সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডে তালা ঝুলিয়েছেন ভূমির মালিকরা। সোমবার (১৩ জুলাই) দুপুরে জকিগঞ্জ উপজেলার আনন্দপুর এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) আনন্দপুর এলাকায় গ্যাসের সন্ধান পায়। পরে সিলেট জেলা প্রশাসনের মাধ্যমে প্রায় ১৬ কেয়ার (কেদার) জমি অধিগ্রহণ করা হয়। তবে ভূমির মালিকদের অভিযোগ, জমি অধিগ্রহণের পরও তাদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করেই গ্যাস কূপ খননের কাজ শুরু করা হয়।

অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, রাজনীতিবিদ আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মোস্তফা আহমদ, আতাই মিয়া, সেলিম আহমদ, আব্দুল হান্নান, ওয়াহিদ মিয়া, নুরুল হুদাসহ আরও অনেকে।

ভূমির মালিকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তারা জমির ন্যায্য মূল্য পাননি। সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমির শ্রেণি পরিবর্তনসংক্রান্ত এক বৈঠকে অংশ নিলেও তাদের দাবি অনুযায়ী কোনো অগ্রগতি হয়নি। বর্তমান বাজারদর বিবেচনায় ক্ষতিপূরণ নির্ধারণের উদ্যোগ না নেওয়ায় তারা এ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।

জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফারুক আহমদ বলেন, ২০১৭ সালে জমি অধিগ্রহণের পর মাটি ভরাটের সময়ও ভূমির মালিকরা ক্ষতিপূরণের দাবিতে কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে এলাকা ও জাতীয় স্বার্থ বিবেচনায় এবং স্থানীয়দের কর্মসংস্থানের আশ্বাসে তাদের বুঝিয়ে কাজ চালিয়ে নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ক্ষতিপূরণ না পাওয়ায় ভূমির মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

ভূমির মালিকদের প্রতিনিধি ও জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার বলেন, ‘দীর্ঘদিন পর ২০২৪ সালে জমির একটি নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছে, যা বর্তমান বাজারদরের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা ন্যায্য বাজারমূল্যে ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব এবং গ্যাস ফিল্ডে তালা খোলা হবে না।’

এ বিষয়ে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি আজই দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ আমাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ