রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত সিলেট
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৯ AM

নতুন ডিসির হাতে রথযাত্রার নিমন্ত্রণ তুলে দিলেন মহারাজ

রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত সিলেট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ০৭:৫৬:৩৫ PM

রথযাত্রাকে ঘিরে উৎসবের আমেজ, প্রস্তুত সিলেট

ছবি:সংগৃহীত


পুণ্যভূমি সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) দুপুর আড়াইটায় নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে শুরু হবে। একই স্থানে আগামী ২৪ জুলাই (শুক্রবার) দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা। এ উপলক্ষে নগরজুড়ে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়েছে।

রথযাত্রা উপলক্ষে সিলেটের ২৫টি মন্দির ও দেবালয় নিজ নিজ রথ নিয়ে রিকাবীবাজার রথযাত্রা প্রাঙ্গণে সমবেত হবে। দিনব্যাপী কর্মসূচিতে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর পূজা, আরতি, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট এবং ভক্তিমূলক সংগীতসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রথযাত্রাকে ঘিরে রিকাবীবাজারে ৯ দিনব্যাপী বসবে ঐতিহ্যবাহী মেলা। গ্রামবাংলার নানা ধরনের হস্তশিল্প ও ঐতিহ্যবাহী পণ্যের পসরায় মুখর হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। প্রতিবছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষে শিশু-কিশোর, নারী-পুরুষ, দর্শনার্থী ও পুণ্যার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকরা।

রথযাত্রা মহোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি, সিলেট সিটি করপোরেশন এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি রথ নিরাপত্তার সঙ্গে মন্দির থেকে রথযাত্রা প্রাঙ্গণে আনা-নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে এক মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এর আগে গত শনিবার (১১ জুলাই) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে রথযাত্রা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপির পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম। সভায় রথযাত্রা মহোৎসব সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এদিকে রথযাত্রা মহোৎসব উপলক্ষে সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসকন সিলেটের প্রতিনিধিরা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ পুজ্যপাদ শ্রীশ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ জেলা প্রশাসকের হাতে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক নিমন্ত্রণপত্র তুলে দেন।

সাক্ষাৎকালে রথযাত্রার সার্বিক প্রস্তুতি, শোভাযাত্রার সুষ্ঠু ব্যবস্থাপনা, জননিরাপত্তা, পরিচ্ছন্নতা, যান চলাচল এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উৎসবটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক সিদ্ধ মাধব দাস উপস্থিত ছিলেন।

এবারের রথযাত্রায় অংশগ্রহণ করবে নগরীর শ্রীশ্রী কৃষ্ণ বলরাম জিউর আখড়া (লামাবাজার), শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির (আম্বরখানা), ইসকন যুগলটিলা, শ্রীশ্রী জগন্নাথ মন্দির (বড়বাজার), শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়া (মাছিমপুর), নিম্বার্ক আশ্রম (মির্জাজাঙ্গাল), শ্রীশ্রী মহাপ্রভু আখড়া (পনিটুলা), শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির (বহর নোয়াগাঁও), ইসকন কৃষ্ণপুর, গোটাটিকরসহ সিলেটের মোট ২৫টি মন্দির ও দেবালয়।

সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি এল. প্রশান্ত কুমার সিংহ বলেন, ‘রথযাত্রা মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। এ উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবার সহযোগিতা কামনা করছি।’

কমিটির সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উদযাপিত হবে। এটি শুধু ধর্মীয় উৎসব নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ