জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২০ AM

প্রাণ ফিরে পাচ্ছে খোজারখলা পুকুর

জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১১:২৪:০২ PM

জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


দীর্ঘদিনের অবহেলা, কচুরিপানা ও আবর্জনায় ভরাট হয়ে পরিবেশ দূষণের উৎসে পরিণত হওয়া দক্ষিণ সুরমার খোজারখলা পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। পুকুরটি দ্রুত পরিষ্কার করে পুনরায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করার ঘোষণা দিয়েছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জুলাই) দক্ষিণ সুরমার খোজারখলা সমাজকল্যাণ সংঘের পেছনে অবস্থিত পুকুরটি সরেজমিন পরিদর্শন করেন সিসিক প্রশাসক। এ সময় তিনি পুকুরটির বর্তমান বেহাল অবস্থা দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার কাজ শুরু করার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘একসময় এই পুকুর স্থানীয় মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হতো। দীর্ঘদিনের অবহেলায় এটি এখন পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ জলাধার এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। অবিলম্বে কচুরিপানা ও আবর্জনা অপসারণ করে পুকুরটি ব্যবহারের উপযোগী করা হবে।’

তিনি আরও বলেন, নগরীর জলাধারগুলো সংরক্ষণ করা জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোজারখলা পুকুরের সংস্কারও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার না হওয়ায় কচুরিপানা ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। চারপাশে নিরাপত্তাব্যবস্থা না থাকায় শিশুদের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে একসময় এলাকার মানুষের প্রয়োজন মেটানো এই জলাধার এখন জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিসিক প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কচুরিপানা ও আবর্জনা অপসারণ, প্রয়োজনীয় খনন ও সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি পুকুরের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি এলাকাবাসীকেও পুকুর ও এর আশপাশে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।

পুকুর পরিদর্শনের সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক উপস্থিত ছিলেন।

এর আগে সিসিক প্রশাসক খোজারখলা ‘ই’ ব্লক এলাকা এবং আল-ফালাহ জামে মসজিদ পরিদর্শন করেন। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি ‘ই’ ব্লকের সড়ক প্রশস্তকরণ ও সংস্কারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি ইফতেখার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাসিত, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়েজ উদ্দিন শিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ