সিলেটে প্রথমবারের মতো স্থাপন হবে পয়ঃবর্জ্য শোধনাগার
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:১৯ AM

পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ

সিলেটে প্রথমবারের মতো স্থাপন হবে পয়ঃবর্জ্য শোধনাগার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৬ ১১:৪৯:১৩ PM

সিলেটে প্রথমবারের মতো স্থাপন হবে পয়ঃবর্জ্য শোধনাগার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, নিরাপদ ও টেকসই করতে যৌথভাবে কাজ করবে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এবং নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি (SNV)। এ উদ্যোগের অংশ হিসেবে সিলেটে প্রথমবারের মতো একটি পয়ঃবর্জ্য শোধনাগার (Faecal Sludge Treatment Plant-FSTP) স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিলেট নগর ভবনে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পটির অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সভায় জানানো হয়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর আওতায় প্রস্তাবিত ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করে এখন বাস্তবায়নের পরবর্তী ধাপে যাওয়ার প্রস্তুতি চলছে। প্রকল্পটির মাধ্যমে সিলেটে একটি আধুনিক পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণের পাশাপাশি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পেশাদার পয়ঃবর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থা গড়ে তোলা হবে। এর ফলে জনস্বাস্থ্যের উন্নয়নের পাশাপাশি নদী, ছড়া ও জলাশয়ের দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পূর্ণাঙ্গ প্রকল্প বাস্তবায়নের আগে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য নগরীতে পরীক্ষামূলকভাবে একটি ক্ষুদ্র পরিসরের পাইলট ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্ট (এফএসএম) প্রকল্পও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আধুনিক নগর ব্যবস্থাপনায় পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ জন্য কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পুরো ভ্যালু চেইন নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নে এসএনভির কারিগরি সহযোগিতা প্রয়োজন।”

তিনি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি), সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কাঠামো এবং প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়নে এসএনভির সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে এসএনভি প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের আশ্বাস দেয়।

সভায় সিটি কর্পোরেশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে সিসিক, এসএনভি এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)-এর যৌথ উদ্যোগে সিসিক কর্মকর্তাদের জন্য পিপিপি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে ভবিষ্যতে সিটি কর্পোরেশন নিজস্ব সক্ষমতায় সরকারি-বেসরকারি অংশীদারিত্বভিত্তিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে আরও দক্ষ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সভায় উভয় পক্ষ সিলেটবাসীর জন্য নিরাপদ, পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক এবং আর্থিকভাবে টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন এসএনভির সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেল ট্রান্সফরমেশন প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছাম্মদ রাহিমা বেগম, বিজনেস অ্যাডভাইজার তানভীর চৌধুরী এবং পাবলিক ফাইন্যান্স অ্যাডভাইজার মো. গোলাম শাওন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ