ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৬ AM

পথচারীদের চরম দু*র্ভোগ, বাড়ছে দু*র্ঘটনার শ*ঙ্কা; দ্রুত পরিষ্কারের দাবি

ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৭/২০২৬ ১১:৫২:১৭ PM

ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক

ছবি: জৈন্তা বার্তা


সিলেট-জকিগঞ্জ সড়কের বিভিন্ন অংশে সড়কের দুই পাশজুড়ে ঝোপঝাড়, আগাছা ও গাছের ডালপালা বিস্তার লাভ করায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা। দীর্ঘদিন ধরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে অনেক স্থানে গাছের ডালপালা মূল সড়কের ওপর ঝুঁকে পড়েছে। এতে সড়ক সরু হয়ে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকাসহ সড়কের বিভিন্ন অংশে পথচারীদের চলাচলের পাশের জায়গা ঝোপঝাড়ে ঢেকে গেছে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন। কোনো যানবাহন সামনে এলে নিরাপদে সরে দাঁড়ানোর সুযোগ না থাকায় নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, সড়কের বিভিন্ন বাঁক, মোড় ও ঢালু অংশে ঝোপঝাড় এতটাই ঘন হয়ে গেছে যে বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে দেখা যায় না। অনেক স্থানে গাছের ডালপালা সড়কের ওপর ঝুঁকে পড়ায় বড় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

তাদের অভিযোগ, সড়কের দুই পাশের আগাছা ও লতাপাতার কারণে গুরুত্বপূর্ণ সড়ক নির্দেশক চিহ্ন, কিলোমিটার ফলক, বাঁকের সতর্কতামূলক সাইনবোর্ড এবং দিকনির্দেশনামূলক চিহ্নও আড়াল হয়ে গেছে। বিশেষ করে রাতের বেলা কিংবা প্রতিকূল আবহাওয়ায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

পথচারী কামাল হোসেন ও হুমায়ন কবির বলেন, সড়কের পাশ পুরোপুরি ঝোপঝাড়ে ভরে যাওয়ায় বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয়। যানবাহন এলে নিরাপদে সরে দাঁড়ানোর জায়গা না থাকায় প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা দ্রুত সড়কের দুই পাশ পরিষ্কারের দাবি জানান।

স্থানীয়দের দাবি, সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ সড়ক পরিস্থিতির মধ্যে সংঘটিত এক মর্মান্তিক দুর্ঘটনায় গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ উদ্দিনের মামা নিহত হন। একই ঘটনায় পরিবারের আরও তিনজন গুরুতর আহত হন। এছাড়া প্রায় প্রতিদিনই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে বলে জানান এলাকাবাসী।

বাসচালক আব্দুর রহমান ও ট্রাকচালক আব্দুল হান্নান বলেন, সড়কের দুই পাশের ঝোপঝাড়ের কারণে রাস্তার ধারে থাকা মানুষ, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যানবাহন হঠাৎ সামনে চলে এলে তা আগে থেকে বোঝা যায় না। একইভাবে গবাদিপশুও আচমকা সড়কে উঠে আসে, ফলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।

অটোরিকশাচালক তাওহিদ আহমদ বলেন, ঝোপঝাড়ের কারণে পথচারীরা মূল সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। আবার দিনের বেলাতেও ঝোপঝাড়ের আড়াল থেকে মানুষ বা গবাদিপশু হঠাৎ সড়কে উঠে আসায় গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দ্রুত ঝোপঝাড় পরিষ্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সচেতন মহলের মতে, সিলেট-জকিগঞ্জ সড়ক অঞ্চলের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন এ সড়ক ব্যবহার করলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তাই জরুরি ভিত্তিতে ঝোপঝাড় পরিষ্কার, সড়ক নির্দেশক চিহ্ন দৃশ্যমান করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সিলেট সড়ক বিভাগের গোলাপগঞ্জের উপসহকারী প্রকৌশলী অনুরূপ দেব চৌধুরী বলেন, ‘সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করা আমাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ। কাজ চলমান রয়েছে। খুব দ্রুত ঝোপঝাড় কেটে সড়ক নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হবে।’

বর্ষা মৌসুমে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে স্থানীয়রা বলেন, জনদুর্ভোগ কমাতে এবং দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে ঝোপঝাড় পরিষ্কার করে কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী
সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনে পিছু হটলেন সিএনজি চালকেরা
বৃক্ষরোপণেই মিলবে পরিবেশ সংকটের সমাধান: আব্দুল কাইয়ুম চৌধুরী
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি পেল বিয়ানীবাজারের খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
হবিগঞ্জে কৃষি ও মৎস্যখাতে ৭০ কোটি টাকার ক্ষতি
সুনামগঞ্জে অ'বৈধ বালু উত্তোলনে নি'ষেধাজ্ঞা
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির আভাস
জলাবদ্ধতা নিরসনে প্রতিটি জলাধার সংরক্ষণ জরুরি’ - সিসিক প্রশাসক
শিক্ষামন্ত্রীর প*দত্যাগ দাবিতে সিলেটের রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা