আর্জেন্টিনার বিপক্ষে ফিফার তদন্ত শুরু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪৬ PM

আর্জেন্টিনার বিপক্ষে ফিফার তদন্ত শুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭/০৭/২০২৬ ০১:০০:২৯ PM

আর্জেন্টিনার বিপক্ষে ফিফার তদন্ত শুরু

ছবি : সংগৃহীত


আটলান্টায় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই জয়ের পর উদযাপনই এবার ফিফার শাস্তির মুখে ফেলতে পারে লা আলবিসেলেস্তেদের। ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়েরা ‘ফকল্যান্ড (মালভিনাস) আর্জেন্টিনার’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে উদযাপন করেন। যার ফলে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস লিখেছে, কয়েক ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে এএফএকে। জড়িতদের বক্তব্য ও তাদের যুক্তি শোনার জন্য একটি সময় ঠিক করা হবে।

এই ঘটনায় জড়িত খেলোয়াড়দের ম্যাচ নিষেধাজ্ঞার পরিবর্তে এএফএকে আর্থিক জরিমানা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী, স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক কোনো ব্যানার, পতাকা, লিফলেট, পোশাক কিংবা অন্যান্য সামগ্রী প্রদর্শন নিষিদ্ধ। তাই শাস্তির মুখে যে আর্জেন্টিনা পড়তে যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন নেই। 

দক্ষিণ-পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে বহুদিন ধরেই যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে সার্বভৌমত্বের বিরোধ রয়েছে। ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হিসেবে পরিচিত এই দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার পূর্ব উপকূল থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত।

এই বিরোধকে কেন্দ্র করে ১৯৮২ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়। সেই সংঘাতে ৬৫৫ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনাসদস্য নিহত হন। এ ছাড়া দ্বীপপুঞ্জের তিন বাসিন্দারও মৃত্যু হয়েছিল। এই ফকল্যান্ড যুদ্ধের ছায়া মাঠেও পড়েছে। বহু আগে থেকেই দুই দলের লড়াই মানে তুমুল উত্তেজনা। সেটি এবারের সেমিফাইনালের শুরু থেকেও দেখা গেছে।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তখন ফিফা জানিয়েছিল, এই পদক্ষেপ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও দলের অসদাচরণসংক্রান্ত বিধি লঙ্ঘন করেছে। এবারও একই পথে হাঁটছে ফিফা।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ: