ছবি:সংগৃহীত
বিশ্বকাপের আরেকটি স্বপ্নের ফাইনাল। আগামীকাল নিউইয়র্কের মঞ্চে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন। দুই পরাশক্তির লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই পরিসংখ্যানের বিচারে কিছুটা এগিয়ে স্পেন, আর আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্ব, অভিজ্ঞতা ও জাদুকরী নৈপুণ্য।
সাম্প্রতিক ইতিহাস স্পেনের পক্ষেই কথা বলছে। নারী ও পুরুষ মিলিয়ে বিশ্বকাপ এবং ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ১৪টি ফাইনালের মধ্যে ১৩টিতেই শিরোপা জিতেছে প্রথম সেমিফাইনাল খেলা দল। এবারও প্রথম সেমিফাইনাল খেলে এক দিন বেশি বিশ্রামের সুযোগ পেয়েছে স্পেন। দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে এই অতিরিক্ত বিশ্রামকে অনেক বিশ্লেষকই বড় সুবিধা হিসেবে দেখছেন।
২০১২ ইউরো থেকে শুরু হওয়া এই ধারায় ২০১৪ বিশ্বকাপে জার্মানি, ২০১৫ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ২০১৬ ইউরোতে পর্তুগাল, ২০১৮ বিশ্বকাপে ফ্রান্স, ২০১৯ নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, ২০২০ ইউরোতে ইতালি, ২০২১ নারী ইউরোতে ইংল্যান্ড, ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা, ২০২৩ নারী বিশ্বকাপে স্পেন এবং ২০২৪ ইউরোতেও স্পেন-সবাই প্রথম সেমিফাইনাল খেলে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। ব্যতিক্রম ছিল শুধু ২০১৭ নারী ইউরো।
তবে পরিসংখ্যান যতই স্পেনের পক্ষে থাকুক, আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন অনেকেই তাদের অভিজ্ঞতা, মানসিক দৃঢ়তা এবং সর্বোপরি লিওনেল মেসির উপস্থিতির কারণে। বড় ম্যাচে দলের নেতৃত্ব দেওয়া, কঠিন মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার অসাধারণ ক্ষমতা এবং ফাইনালের অভিজ্ঞতা আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে।
অবশ্য ভ্রমণের হিসাবে কিছুটা সুবিধা পেয়েছে আর্জেন্টিনা। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল শেষে স্পেনকে ডালাস থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে যেতে হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার ভ্রমণ করতে হয়েছে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার। ফলে যাত্রাক্লান্তির দিক থেকে তুলনামূলক স্বস্তিতে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে ফাইনাল। তীব্র গরম ও কড়া রোদের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ফিটনেস, বিশ্রাম, কৌশল এবং মানসিক দৃঢ়তা-সবকিছুই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
একদিকে ইতিহাস ও পরিসংখ্যান স্পেনের পক্ষে, অন্যদিকে মেসির নেতৃত্বে বড় ম্যাচ জয়ের অদম্য মানসিকতা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই বিশ্বকাপের এই মহারণে প্রশ্ন একটাই-পরিসংখ্যান কি আবারও সত্যি হবে, নাকি মেসির জাদুতে ইতিহাসকে নতুন করে লিখবে আর্জেন্টিনা?
ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন একটাই-নিউইয়র্কের রাত শেষে কার হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




