ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেন থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে অবস্থানকালে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনের ভেতর থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে দুই ব্যক্তি। খবর পেয়ে নোয়াপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই লাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুইজনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
নোয়াপাড়া রেলওয়ে পুলিশের ইনচার্জ (আইসি) এসআই লাল মিয়া বলেন, সিলেট রেলওয়ে পুলিশ সুপার ও শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় রেলপথে মোবাইল চুরি, ছিনতাই ও মাদকবিরোধী অভিযানে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া মোবাইল ফোন দুটি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে। আটক দুইজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




