ছবি:সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা এলাকায় হাকালুকি হাওরের বুকে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতায় হাজারো দর্শকের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো হাওর এলাকা।
স্থানীয় জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় কুলাউড়ার বিভিন্ন এলাকা থেকে মোট পাঁচটি নৌকা অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় উপজেলার বরমচাল ইউনিয়নের রাউৎগাঁও আলীনগর একাদশ।
বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি সিলিং ফ্যান এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি টেবিল ফ্যান প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. তারু খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম রাজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট সামাদ আহমদ, ইউপি সদস্য আতিকুল ইসলাম শান্তি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হোসেন খান এবং উপজেলা যুবদলের সদস্য রাজন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম রাজন বলেন, গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় মুরব্বি ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
তিনি আরও বলেন, ভুকশিমইল ইউনিয়নকে নিয়ে তাঁর নানা পরিকল্পনা রয়েছে এবং অবহেলিত এ জনপদের উন্নয়নে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের উদ্যোগে ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং ভবিষ্যতেও হাওরাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও দর্শনার্থীরা এমন আয়োজনকে গ্রামীণ সংস্কৃতির পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




