সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী সমর সাহাকে একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার সংক্রান্ত নিষেধাজ্ঞা নিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে প্রকাশিত সংবাদে নিজের ফেসবুক আইডি থেকে সমর সাহা মন্তব্য করেন, "দেশ আর সাধারণ মানুষের স্বাধীনতা আপনারা কিনে নিলেন নাকি?" মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই একজন সরকারি কর্মচারীর এমন প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নুর মামুন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর সমর সাহাকে মাধবপুর উপজেলা থেকে বাগেরহাট জেলার মংলা উপজেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানও বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা গেছে। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বলেন, “৫ আগস্টের পরও ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন সরকারি দপ্তরে ঘাপটি মেরে রয়েছে। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”জেলা বিএনপির সদস্য ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা প্রশাসনের বিভিন্ন স্তরে থেকে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া দরকার।”তবে এ ঘটনায় কার্যসহকারী সমর সাহার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জৈন্তাবার্তা/ সুলতানা




