ছবি:সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আরাফাত ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, অপহৃত কিশোরী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। গত ৪ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকা থেকে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর কিশোরীর বাবা মাধবপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং সিপিসি সিলেটের একটি যৌথ দল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মুরারচর এলাকায় অভিযান চালায়। অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আরাফাত ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া আরাফাত ইসলাম মাধবপুর উপজেলার রতনপুর এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া কিশোরী এবং গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ বুধবার সন্ধ্যায় অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




