হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার রুকনপুর বাজারের দক্ষিণ পাশে পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মশহুদ আহাম্মদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পিকআপটি নিয়ে দিগাম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন মশহুদ আহাম্মদসহ কয়েকজন। সকাল সাড়ে ৬টার দিকে বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহনের একটি বাস রং সাইডে গিয়ে পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এ সময় মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোল এলাকায় আটক করা হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জৈন্তাবার্তা/আরআর




