ছবি:সংগৃহীত
প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও কোনো নির্বাচিত মেয়র পায়নি হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভা। আসন্ন পৌরসভা নির্বাচন সামনে রেখে জেলার পাঁচটি পৌরসভার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হলেও সেখানে নাম নেই আজমিরীগঞ্জ পৌরসভার। পৌরসভার সীমানা নির্ধারণ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় নির্বাচনসংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
গত ১০ আগস্ট জেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি পৌরসভার সব ভোটার এলাকার ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকায় রয়েছে নবীগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ পৌরসভা। এসব পৌরসভার খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন অফিস, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস ও পৌরসভার নোটিশ বোর্ডে পরিদর্শনের জন্য রাখা হয়েছে।
আজমিরীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ২০০৪ সালের ২১ জানুয়ারি। প্রায় সাড়ে ৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভাটি ‘গ’ শ্রেণির স্থানীয় সরকার প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই প্রশাসক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ পর্যন্ত ১৪ জন প্রশাসক পৌরসভাটির দায়িত্ব পালন করেছেন।
তবে প্রতিষ্ঠার ২২ বছর পেরিয়ে গেলেও কোনো নির্বাচিত মেয়র পৌরসভাটির দায়িত্ব পালন করেননি। ফলে এবারও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




